কাতার থেকে আনা হবে ৩০ হাজার টন ইউরিয়া

প্রবাহ রিপোর্ট : চলতি অর্থবছরের জন্য কাতার থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমারা নিশ্চিত করেছি, চাল গমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য, যেমন রোজার জন্য ডাল ও খেজুরের জন্য বরাদ্দের সমস্যা হবে না। কোনো ব্যাপারেই যেন ভোগ্যপণ্য বা ভুক্তাদের কোনো সমস্যা না হয়। আসন্ন রোজায় যেন পণ্যের দাম না বাড়ে সে কারণে দ্রুতই আমরা সিদ্ধান্ত নিলাম ছোলা, ডাল, চিনির তেল এবং খেজুর যেন দেশে ঠিক সময় আমদানি হয়। উপদেষ্টা বলেন, এখন খাদ্যদ্রব্য মনিটরিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি, কোনো কোনো পণ্যের মজুদ কি অবস্থায় আছে, কী কী আমদানি করতে হবে, সে বিষয়ে কাজ করতে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতে বলে দিয়েছি। তারা দ্রুত পণ্য আনতে পারে। তিনি বলেন, আমরা চাল-গমের বিষয়ে যতটুকু মজুদ আছে, যতটুকু আমদানি দরকার, তারচেয়ে কিছুটা বেশি আমদানি ও সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছি। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে কাতারের মুনতাজাত থেকে ৪র্থ লটের ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিন্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৪০ কোটি ২৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৮৯.৬৭ মার্কিন ডলার। এর আগে গতকাল বুধবার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড.সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে, কৃষিখাতে ব্যবহারের জন্য ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়। এতে মোট ব্যয় হবে ৪০১ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকা। এরমধ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতার ও সৌদিআরব থেকে পৃথক দুইটি প্রস্তাবে ২ কোটি ২৪ লাখ ৬০ হাজার ১০০ টাকায় ৬০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এর কাছ থেকে ১ কোটি ৯ লাখ ৬১ হাজার ২৫০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার রয়েছে।


