১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

প্রবাহ রিপোর্ট : আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পারবেন চাষিরা। রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এমন তথ্য জানানো হয়। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়। রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ৪ মে। এ ছাড়া ২০২২ সালে ছিল ১৩ মে থেকে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সকল গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২০ মে থেকে গোপালভোগ, রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গু বা ল্যাংড়া ১০ জুন, আমরুপালি বা ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই পাড়া যাবে। এ ছাড়া সারা বছর পাওয়া যাবে কাটিমন ও বারি আম-১১। এ বছর আমের আবাদ হয়েছে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে। সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ (টন), সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এ ছাড়া সম্ভাব্য মোট বিক্রি এক হাজার ছয়শ পঁচানব্বই কোটি পঁচাশি লাখ পঁচাত্তর হাজার ছয়শ বিশ টাকা। সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আগামী ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পারবেন চাষিরা। যদি কোনও ধরনের দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পারবেন।
নাগেশ^রীতে নদী বিধৌত চরাঞ্চলের সুবিধাবঞ্চিতদের মুরগী বিতরণ
এফএনএস (নাগেশ^রী, কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ^রীতে নদী বিধৌত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মুরগী বিতরন করা হয়েছে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গতকাল বুধবার উপজেলার কচাকাটা কলেজমাঠে উপজেলার ৯টি ইউনিয়নের ৩৩৩ জন সুফলভোগীর মাঝে সোনালী জাতের ১৩টি মুরগী ও ২টি করে মোরগ বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা মৎস্য অফিসার শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, কচাকাটা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কেদার ইউপি চেয়ারম্যান আ.খ.ম ওয়াজেদুল কবীর রাশেদ প্রমুখ।



