গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রবাহ রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনো স্থান হবে না। গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলার সমুচিত জবাব দেওয়া হবে। গোপালগঞ্জকে আওয়ামী লীগ মুক্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভারতের সেবাদাসরা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে। দেশে মুজিববাদী কোনো রাজনীতির জায়গা হবে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আওয়ামী লীগের কোনো স্থান হবে না। সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে শহরের আলীপুরে জেলা পার্টি অফিস উদ্বোধন করেন নেতারা। পরে আলীপুর গোরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারত করেন এবং শহীদ পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর রাজবাড়ীতে পদযাত্রার উদ্দেশ্যে রওনা দেন নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় সহিংসতার ঘটনার পর ফরিদপুরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয় শহরের জনতা ব্যাংক মোড়ের সমাবেশ স্থলসহ শহর এলাকা। সেনাবাহিনীর পাশাপাশি পাঁচ শতাধিক পুলিশ, গোয়েন্দা বাহিনী, কোস্ট গার্ড, র্যাব কঠোর অবস্থানে ছিল।



