জাতীয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় হঠাৎ অসুস্থ ২ ছাত্রী, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

প্রবাহ রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে তারা মারা যায়। মারা যাওয়া শিশুরা হলো- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)। জানা গেছে, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল আলিম বলেন, গভীর রাতে দুই বাচ্চাকে মাদ্রাসা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে জামিলাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তানিয়ার পায়ে দাগ ছিল এবং জামিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনও বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে। মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, গত শুক্রবার রাতে মাদ্রাসায় ১৩ জন ছাত্রী এক সঙ্গে ঘুমিয়ে পড়ে। দুই ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মধ্যরাতের দিকে মাদ্রাসায় থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button