জাতীয় সংবাদ

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে সিসা বারে যুবক খুন

প্রবাহ রিপোর্ট : আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বিকে (৩১) হত্যা করা হয়েছে। গতকাল শনিবার উত্তরা র‌্যাব-১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। এ ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মাকসুদুর রহমান হামজা (২৬) ও মুন্না (২৭)। তাদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। আশিকুর রহমান বলেন, বৃহস্পতিবার বনানী থানা এলাকার ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বি তার বন্ধু নুরুল ইসলাম খোকনের সঙ্গে ওই সিসা বারে যায়। ভোর ৫টা ২৮ মিনিটের দিকে ভবনের চতুর্থ তলা থেকে দ্বিতীয় তলায় আসার সময় সিঁড়িতে রাব্বির পথরোধ করে মুন্না ও হামজা। তখন মুন্নাকে চিনতে পেরে রাব্বি বলে, মুন্না তুই এই সময় এখানে কেন? পরে রাব্বির সঙ্গে মুন্না ও হামজার বাগবিত-া হয়। এক পর্যায়ে মুন্না ধারালো চাকু দিয়ে রাব্বিকে উপর্যুপরি আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে হামজা। পরে তারা পালিয়ে যায়। রাব্বির ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, এ ঘটনা মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয়। পরে অভিযুক্তদের গ্রেফতারে র‌্যাব-১ এর আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। গত শুক্রবার তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লার বরুড়া থেকে হামজাকে গ্রেফতার করে র‌্যাব-১ এর আভিযানিক দল। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বরুড়া থানার গামরুয়া এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। লে. কর্নেল আশিকুর রহমান আরও বলেন, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড এলাকা থেকে হত্যায় ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, রাব্বির সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে বনানী সিসা বারে আসা-যাওয়া এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। ঘটনার দিন রাত ১টার দিকে মুন্নাকে সিসা লাউঞ্চ থেকে বের হয়ে যেতে বলে রাব্বি। এতে পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটে। ঢাকায় অবস্থিত অবৈধ সিসা বারের বিরুদ্ধে অভিযানের বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১ এর অধিনায়ক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সঙ্গে কথা বলে অবৈধ সিসা বারে অভিযান চালাবে র‌্যাব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button