জাতীয় সংবাদ

নির্ধারিত সময়ের আগেই নির্বাচন কমিশনে কেপিএমের ৯১৪ মেট্রিক টন কাগজ সরবরাহ

প্রবাহ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্ধারিত সময়ের আগেই নির্বাচন কমিশনের কাছে কাগজ সরবরাহ সম্পন্ন করেছে কর্ণফুলি পেপার মিলস লিমিটেড (কেপিএম)। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত এই শিল্পপ্রতিষ্ঠান থেকে বাংলাদেশ স্টেশনারি অফিসের (বিএসও) মাধ্যমে মোট ৯১৪ মেট্রিক টন কাগজ নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় কেপিএমের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোসহ সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য বিএসও চলতি অর্থবছরে কেপিএমের কাছে ৯১৪ মেট্রিক টন কাগজের চাহিদাপত্র প্রদান করে। যার বাজারমূল্য প্রায় ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭৮১ টাকা। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে কাগজ সরবরাহ করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই, ১১ জানুয়ারির মধ্যে ধাপে ধাপে সব কাগজ বিএসওর কাছে সরবরাহ করা হয়েছে। তিনি আরো বলেন, ২০২৫-২০২৬ অর্থবছরে সাড়ে তিন হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে কেপিএম। এর অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ব্রাউন, সবুজ ও গোলাপি রঙের কাগজ উৎপাদন ও সরবরাহ করা হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি বিএসওর মাধ্যমে ঢাকা বিশ^বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় বিশ^বিদ্যালয়সহ মোট ১১টি প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আরো প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল রোববার পর্যন্ত কেপিএমে মোট ১৯ হাজার ৩০ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কেপিএমের জিএম (কমার্শিয়াল) আবদুল্লা আল মামুন, উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম এবং জিএম (এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ। রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান হিসেবে সময়মতো গুরুত্বপূর্ণ জাতীয় কাজের কাঁচামাল সরবরাহ করায় কেপিএমের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button