জাতীয় সংবাদ

এনআইডি অনিয়মে বরখাস্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা, ফেঁসে যাচ্ছেন জেলা কর্মকর্তাও

প্রবাহ রিপোর্ট ঃ নিয়মের বাইরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কারণে টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বরখাস্ত হয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাও অন্য অভিযোগে ফেঁসে যাচ্ছেন। মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ আদেশ জারি করেন। এতে উল্লেখ করা হয়, মো. হারুন অর রশিদ (পরিচিতি নম্বর-৮১৪৯০০০১), উপজেলা নির্বাচন অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জের (প্রাক্তন কার্যালয়: বাবুগঞ্জ, বরিশাল) বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর-১৩/২০২৫ রুজু করা হয়। তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বিরত রাখা সমীচীন বিবেচিত হওয়ায়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) মোতাবেক মো. হারুন অর রশিদকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। তিনি ২৭ ফেব্রুয়ারি নিরাপত্তা প্রহরী মো. ইসমাইল হোসেনকে অফিসের তালা খোলাকে কেন্দ্র করে মারধর করেছেন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো অফিসারই কোনো কর্মকর্তা-কর্মচারীকে শারীরিকভাবে আঘাত করতে পারে না। নির্বাচন কমিশনের কোনো অফিসার যদি এটি করে থাকেন এবং অভিযোগ করা হয়, তবে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button