হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু
প্রবাহ ডেস্ক : লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য ‘হরমুজ প্রণালি’ পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরাগচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সংহতি রেখে এবং শান্তি বজায় রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময়টুকু এই সুবিধা কার্যকর থাকবে।
বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি খুলে দেওয়ার সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরান এর আগে জানিয়েছিল, তাদের ওপর হামলা বন্ধ থাকলে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকলে তারা এই প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচলে সহযোগিতা করবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। গত কয়েক সপ্তাহের সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে এই পানিপথটির নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছিল। ইরানের এই সর্বশেষ ঘোষণা আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নিরাপত্তার ক্ষেত্রে স্বস্তি ফিরিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। সূত্র : আল-জাজিরা
দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু : ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির দু’টি উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এবং ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
পাকিস্তানের একটি সূত্র এ প্রসঙ্গে আনাদোলু এজেন্সিকে বলেছে, “আমরা মঙ্গলবার থেকেই প্রস্তুতি শুরু করেছি। মূলত নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার দিকেই মনযোগ দেওয়া হচ্ছে।”
সূত্রের বরাতে আরও জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যে তেহরান সফরে গিয়েছিলেন, সেটিও ছিলো সেই প্রস্তুতিরই অংশ।
ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। শুরু থেকেই এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী ছিল পাকিস্তান।
একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষর করতে বিরতির তৃতীয় দিনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা; কিন্তু টানা ২১ ঘণ্টা আলোচনার পরও চুক্তি স্বাক্ষর হয়নি।
ইসলামাবাদে সংলাপ ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের ব্যাপারে কথাবার্তা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই জানায়, তারা দ্বিতীয় দফায় সংলাপে বসতে আগ্রহী এবং সেই সংলাপের ভেন্যু হিসেবে ইসলামাবাদ যেতে তাদের আপত্তি নেই। তারপর থেকেই দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। সূত্র : আনাদোলু এজেন্সি, পিটিআই


