বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ

প্রবাহ রিপোর্ট ঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে তিন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ এপ্রিল) রাত দেড়টার দিকে বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। বাগানের মালিক ও স্থানীয়রা জানান, রাতের আঁধারে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মুখোশ পরে শ্রমিকদের ঘরের দরজায় এসে দরজা খুলতে বলে। ভেতরে থাকা শ্রমিকরা দরজা খুলতেই অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলা হয়। এসময় স্টাফ কোয়ার্টারে নারী-পুরুষসহ মোট ১৩ জন ঘুমিয়ে ছিলেন। সেখান থেকে তিনজনকে শ্রমিককেক তুলে নিয়ে যায় মুখোশধারীরা। অপহৃতরা হলেন- টেকনাফ উপজেলার শফিউল্লাহ কাটার এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। জানা গেছে, দুর্বৃত্তরা যাওয়ার সময় স্টাফ কোয়ার্টার থেকে পাঁচটি মোবাইল ফোন, দুটি দা এবং তিনটি টর্চলাইট নিয়ে গেছে। আবীর রাবার বাগানের মালিক ও বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আবদুল করিম বান্টু বলেন, বাগানের শ্রমিক নুরুল ইসলাম ফোন করে অপহরণের বিষয়টি আমাকে জানান। সঙ্গে সঙ্গে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, তিন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) যৌথ অভিযান চলছে। কারা অপহরণ করেছে জানতে চাইলে তিনি বলেন, ওই এলাকায় আফসার গ্রুপ, সরোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তাদের থেকে কোনো গ্রুপ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে উদ্ধার হওয়ার পর বিস্তারিত জানা যাবে। এর আগে একই এলাকায় তামাক চাষি অপহরণের ঘটনা ঘটেছিল। পরে মুক্তিপণের বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।



