ধর্ষণের বিচার চাওয়ায় গৃহকর্মীর ‘চুল কেটে’ দিলেন বাড়ির মালিক

প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জ বন্দরে ধর্ষণের বিচার চাওয়ায় গৃহকর্মীর ‘চুল কেটে’ দিয়েছেন বাড়ির মালিক ও তার স্ত্রী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী নারীর থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ৩০ বছর বয়সী নারীর অভিযোগ, তার স্বামী একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচকিপ্টা গ্রাম। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়েছে। বর্তমানে মদনপুর এলাকায় মো. বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পাশের কয়েক বাসায় বুয়ার কাজ করেন। কিছুদিন ধরে বাড়িওয়ালার বাসায় গৃহকর্মীর কাজ করেন। গত শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বাড়িওয়ালা বাবুল ফোন করে তাড়াতাড়ি কাজে যেতে বলেন। কিন্তু বাসায় গিয়ে দেখেন বাবুল একা আছেন। আর কেউ বাসায় নেই। তখন ভুক্তভোগী রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকেন। একপর্যায়ে বাবুল তাকে ডেকে রুমের ভেতর নিয়ে যান এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে তাকে জীবনে মেরে ফেলার ভয় দেখান বাবুল। পরবর্তী সময়ে এ ঘটনা অভিযুক্ত বাবুলের স্ত্রী রোজিনাকে জানিয়ে বিচার দাবি করেন ভুক্তভোগী নারী। কিন্তু উল্টো তাকে নানা রকম হুমকি-ধামকি দিয়ে রোজিনা ও তার স্বামী মিলে ভুক্তভোগী নারীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে তার স্বামীকে বড় ধরনের ক্ষতি করার ভয় দেখায় বাবুল ও তার স্ত্রী রোজিনা। পরে ২৩ এপ্রিল দুপুরে ভুক্তভোগী নারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার জানান, বাদীর অভিযোগ পাওয়া মাত্রই তদন্তের জন্য ধামগড় ফাঁড়ির অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।



