যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

প্রবাহ রিপোর্ট ঃ যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের চারটি কোল মিলের মধ্যে দুটি ভেঙে যায়। এতে ইউনিটটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল। চালু থাকা একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, প্রথম ইউনিটের চারটি কোলমিলের মধ্যে দুটি ভেঙে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। পাথর মিশ্রিত কয়লার কারণে এ ঘটনা ঘটতে পারে। এ ইউনিটটি চালু করতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম চলছে, আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই ইউনিটটি চালু হবে এবং বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট রয়েছে, যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট। আর তৃতীয় ইউনিটটির উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। এর মধ্যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। আর ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছরের ১ নভেম্বর থেকে বন্ধ আছে।



