জাতীয় সংবাদ

বিএনপি নেত্রীর হয়ে পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বগুড়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এক বিএনপি নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে এক কলেজছাত্রী আটক হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের বগুড়া জেলা স্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শিক্ষার্থীর নাম ঈশিতা আক্তার তিশা (১৮)। তিনি শহরের চকসূত্রাপুর এলাকার জীবন শেখের মেয়ে এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্রে বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিপা খাতুনের পরিবর্তে পরীক্ষায় অংশ নেন ঈশিতা। পরীক্ষা চলাকালে খাতা স্বাক্ষরের সময় কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়। প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল দেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে ঈশিতা স্বীকার করেন, তিনি নিপা খাতুনের হয়ে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঈশিতা জানান, নিপা খাতুন তার প্রতিবেশী এবং তাকে খালা বলে সম্বোধন করেন। সেই সম্পর্কের সূত্র ধরেই তিনি নিপা খাতুনের অনুরোধে পরীক্ষায় অংশ নেন।

এদিকে, নিপা খাতুন বগুড়া শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন বগুড়া জেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক শিক্ষার্থী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button