ফ্লোরিডায় ২ বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজের তদন্তে নতুন মোড়

# ঘটনাকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে নড়েচড়ে বসেছে মার্কিন পুলিশ #
প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থীরা হলেনÑ ২৭ বছর বয়সী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি। তাদের সন্ধানে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস ও ক্যাম্পাস পুলিশ সাধারণ মানুষের সহায়তা চেয়েছে। শেরিফ অফিস এই নিখোঁজের ঘটনাটিকে বর্তমানে “বিপজ্জনক” হিসেবে শ্রেণিভুক্ত করেছে। ইউএসএফ পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল তাম্পা ক্যাম্পাস থেকে এই দম্পতিকে শেষবার দেখা গিয়েছিল। জামিল লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ের ছাত্র। তাকে শেষবার তার ছাত্রাবাসে দেখা যায়। নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। জামিলকে দেখার ঠিক এক ঘণ্টা পর তাকে ক্যাম্পাসের একটি সায়েন্স বিল্ডিংয়ে দেখা গিয়েছিল। গত শুক্রবার এক পারিবারিক বন্ধু তাদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দিলে বিষয়টি সামনে আসে। ইউএসএফ পুলিশের মুখপাত্র ল্যারি ম্যাককিনন বৃহস্পতিবার জানিয়েছেন যে, ওই শিক্ষার্থীরা ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন বলে তারা মনে করছেন না। তবে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, নতুন কিছু তথ্যের ভিত্তিতে তাদের নিখোঁজ হওয়ার পরিস্থিতি উদ্বেগজনক মনে হওয়ায় মামলাটিকে “বিপজ্জনক” বিভাগে উন্নীত করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের বন্ধু ও স্বজনরা জানিয়েছেন, এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা তাদের স্বভাবের সাথে একেবারেই মেলে না। জামিল লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানান, নিখোঁজ হওয়ার তিন দিন আগে তার ভাইয়ের সাথে কথা হয়েছিল। জামিল তখন জানিয়েছিলেন যে তিনি তার থিসিস নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। জামিল লিমনের গবেষণার বিষয় ছিলÑ ফ্লোরিডার সংকুচিত জলাভূমি নিয়ে জেনারেটিভ এআই-এর ব্যবহার। জুবায়ের আরও জানান, জামিল ও নাহিদা ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা করছিলেন, তবে বর্তমানে তারা পড়াশোনা শেষ করার দিকেই বেশি মনোযোগী ছিলেন। ইউনিভার্সিটি অব জর্জিয়ার গ্র্যাজুয়েট শিক্ষার্থী এবং লিমনের ঘনিষ্ঠ বন্ধু মো. রকিবুজ্জামান বলেন, “এটি মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। পুরো বিষয়টি আমার কাছে একটি জটিল রহস্যের মতো লাগছে।” যদি কারো কাছে তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকে, তবে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিসের এই নম্বরে ৮১৩-২৪৭-৮২০০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



