নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫-৩৮ বছর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট বটতলার শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন রাস্তায় এ হত্যাকা- ঘটে।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা পথচারী শিক্ষার্থী মো. মেজবাহ জানান, পৌনে ৮টার দিকে নিউমার্কেট এক নম্বর গেটের সামনের রাস্তায় দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি গুলি করতে থাকে।
এতে গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। একপর্যায়ে আশপাশের লোকজন ধাওয়া দিলে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
যাওয়ার পথে তারা পথচারীদের ভয় দেখাতে আরও কয়েকটি গুলি ছোড়ে। পরে হামলাকারীদের একজন ফিরে এসে গুলিবিদ্ধ ওই ব্যক্তির কাছে দাঁড়িয়ে আবারও গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে।
তিনি আরও জানান, পরে রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
নিউমার্কেটে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে হত্যা করে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, এ হত্যাকা-ের ঘটনা নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।



