জাতীয় সংবাদ

টিফিন খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় মামলা : ৩ উপজেলায় টিফিন বিতরণ স্থগিত

প্রবাহ রিপোর্ট ঃ চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে শিশু শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় নিম্নমানের বাসী বনরুটি সরবরাহের অভিযোগে মামলা দায়ের করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দাযের করেন তিনি। বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান রাজশাহীর বিস্কুট বিপণনী কর্তৃপক্ষের বিরুদ্ধে এ মামলা করেন তিনি। বিষয়টি তিনি নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় গাক (গ্রাম উন্নয়ন কর্ম) নামক একটি এনজিও পাউরুটি, বিস্কুট, কলা, ডিম এবং প্রাণ কোম্পানির মাধ্যমে দুধ সরবরাহের আদেশ পায়। এর পরিপ্রেক্ষিতে জেলার নাচোল উপজেলা বাদ দিয়ে বাকি চার উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ে তারা শিশু শিক্ষার্থীদের জন্য টিফিন সরবরাহ করে আসছে। গত ২২ এপ্রিল জেলা শহরের শংকরবাটি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের রুটি খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে সরবরাহকৃত বনরুটিগুলো বাসি, ফাঙ্গাসযুক্ত এবং নিম্নমানের প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত করে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এরপর জেলার শিবগঞ্জ এবং গোমস্তাপুর উপজেলায় আরও দুটি ঘটনা ঘটায় চাঁপাইনবাবগঞ্জের ঘটনায় মঙ্গলবার দুপুরে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে রাজশাহী থেকে বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স বিস্কুট বিপণনীকে অভিযুক্ত করে নিরাপদ খাদ্য বিপণন ২০১৩ আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাঁচ শিশু শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। বর্তমানে শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি আপাতত স্থগিত করেছেন। ইতোমধ্যেই তদন্ত কমিটি সরবরাহকৃত খাদ্য সামগ্রী নমুনা সংগ্রহ করে রাজশাহীর বিএসটিআই ল্যাবে পাঠিয়েছে। ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে গোমস্তাপুর উপজেলার মকরোমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার ঘটনায় একই ধরনের কমিটি গঠন করা হয়েছে এবং সেখানেও শিশু শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাবার বিতরণ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি সেখানকার নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button