কক্ষে হাঁটু পানি, বেঞ্চে পা তুলে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লায় মাত্র দেড় ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এতে ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্র বেঞ্চে পা তুলে পরীক্ষা দিতে দেখা গেছে এসএসসি পরীক্ষার্থীদের। একই সময় হলে দায়িত্বরত শিক্ষককেও চেয়ারে জুতাসহ পা তুলে বসে থাকতে দেখা গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে জেলায় ৬৫-৭০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায়। ঝড়ো বাতাস ও গত রোববারের কালবৈশাখী ঝড়ের কারণে গত তিনদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে কুমিল্লার বেশির ভাগ উপজেলায়। কুমিল্লা আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টেলিপ্রিন্টার অপারেটর সৈয়দ আরিফুর রহমান জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দেড় ঘণ্টায় কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এসময় ঝড়ের গতিবেগ ছিল সর্বোচ্চ ৭০ কিলোমিটার। মঙ্গলবারের বৃষ্টিতে কুমিল্লা নগরের দুয়েকটি ব্যতীত প্রায় সবকটি সড়ক ডুবে যায়। সড়ক ডোবার পাশাপাশি বাসাবাড়িতে পানি ঢুকে পড়ে। আকস্মিক এই জলাবদ্ধতায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। এদিকে চলমান এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কুমিল্লা নগরের ঈশ্বর পাঠশালা কেন্দ্রে হাঁটুসমান পানিতে পরীক্ষা দিতে দেখা যায় শিক্ষার্থীদের। কুমিল্লা সরকারি মহিলা কলেজ সড়ক, ফৌজদারী, ছোটরা, কান্দিরপাড়-টমছমব্রিজ সড়ক, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আঙিনা, ধর্মপুর, দৌলতপুর, স্টেডিয়াম মার্কেট, আদালত সড়কসহ প্রায় সব সড়কেই জল থইথই করে। শহরের বিভিন্ন এলাকায় ড্রেনের ময়লা পানি প্রবাহিত হতে দেখা যায়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে আমরা ওয়ার্ডভিত্তিক লেবার নিয়োজিত করেছি। যেখানে যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



