ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকা জেলায় ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে শামীমাসহ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শামীমা পারভীন, তিনি আগে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। শামীমা পারভীন নড়াইল জেলার সন্তান। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের (আইএডব্লিউপি) সেন্ট্রাল ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২২টি দেশের নারী পুলিশের সমন্বয়কের দায়িত্বও সামলেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।



