জাতীয় সংবাদ

৫ মে শাপলা চত্বরের ঘটনার বিচারের দাবি হেফাজতের

প্রবাহ রিপোর্ট : ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজেদুর রহমান এ দাবি জানান।
শনিবার (২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, ওইদিন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে অভিযান চালানো হয়, যেখানে বহু মানুষ নিহত ও আহত হন বলে তারা দাবি করেন। আহতদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও উল্লেখ করা হয়।
এতে ৫ মে নিহতদের স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনাসভা আয়োজনের জন্য নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
হেফাজত নেতারা আরও বলেন, এ ঘটনার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া তারা দাবি করেন, ওই সময়কার ঘটনার যথাযথ প্রতিবাদ না হওয়ায় দেশে পরবর্তীতে সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তৎকালীন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, বিভিন্ন মহলের উসকানি এবং সুশীল সমাজের একটি অংশের নীরবতার সমালোচনাও করা হয় বিবৃতিতে।
হেফাজত নেতারা বলেন, রাষ্ট্র যদি নাগরিকদের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হয়, তাহলে জনগণের মধ্যে অসন্তোষ বাড়তে পারে। তাই ন্যায়বিচার নিশ্চিত করে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button