জাতীয় সংবাদ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ১১

প্রবাহ রিপোর্ট : সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে এক নারীসহ ৮ জন নিহত হয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছেন। রবিবার (৩ মে) সকালে পৃথক পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
সিলেট : সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষ ৬ নিহত হয়েছেন। রবিবার (৩ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি, নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) । অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) ও নাচোলের ভোলামোড় এলাকার সোহান (১৫)।
নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, ঘতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কুমিল্লা : কুমিল্লায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. খালিদ হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছেন। রবিবার সকালে জেলার দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু খালিদ দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ওই শিশুটির বাবা নিহতের মরদেহ নিয়ে ঘটনাস্থল থেকে বাড়িতে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button