জাতীয় সংবাদ

বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় গৃহবধূর মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলায় হামের উপসর্গ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সংপ্রং ম্রো (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সংপ্রং ম্রো আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেওলা পাড়ার বাসিন্দা ও হংগ্রী ম্রোর মেয়ে। বান্দরবান স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, হামের উপসর্গসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় সকালে সংপ্রং ম্রোকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে তার শরীরে হামের উপসর্গ থাকলেও মূলত ডায়রিয়াজনিত পানিশূন্যতার কারণেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হানিফ জানান, মৃত সংপ্রং ম্রোর শরীরে হামের উপসর্গ ছিল, তবে মূলত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পানিশূন্যতার কারণেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, যেহেতু তার বয়স ১৮ বছরের বেশি, তাই সরাসরি হাম আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, তবে হামের কিছুটা উপসর্গ তার শরীরে ছিল। ডা. মো. হানিফ জানান, আলীকদমের কুরুকপাতাসহ দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে বিশুদ্ধ পানির এখন প্রচুর সংকট রয়েছে, অনেক বাসিন্দা দূষিত পানি ব্যবহার করায় ডায়রিয়াসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বান্দরবানে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্ত হয়েছে ২৯৭ জন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button