বরিশালে মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রবাহ রিপোর্ট ঃ বরিশাল নগরীর পলাশপুর এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে বাবু শিকদার (৩০) নামে এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) ভোরে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত বাবু পলাশপুর এলাকার কালাম শিকদারের ছেলে। পরিবারের অভিযোগ, ফজরের নামাজের আগে বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই নাঈম হোসেনের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক মধু দীর্ঘদিন ধরে বাবুর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় মধুর নেতৃত্বে রুবেল, রাজু, সাজ্জাদ ও সৈকতসহ কয়েকজন মিলে এ হত্যাকা- ঘটিয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে এর নেপথ্যে মাদক সংশ্লিষ্ট বিষয় রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে শহীদ ও সিয়াম নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


