জাতীয় সংবাদ

বিসিবির নির্বাচনে তফসিল ঘোষণা : পরিচালক পদে ভোট ৭ জুন

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিম তফসিল ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন। নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার মধ্য দিয়েই মূলত শুরু হয়ে গেল ভোটের আনুষ্ঠানিক যাত্রা। এর আগে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বোর্ড নির্বাচন হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগেই ভোট আয়োজনের যে অঙ্গীকার করেছিল তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি, সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দিচ্ছে বর্তমান তফসিল। তফসিল অনুযায়ী, ইতোমধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম জমা পড়েছে। আজ বিকেল ৪টায় প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এরপর শুরু হবে আপত্তি গ্রহণের ধাপ। এরপর সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি জানানো যাবে। সব আপত্তি নিষ্পত্তি শেষে ১৯ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপর এগোবে মনোনয়ন প্রক্রিয়া। ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ২০ হাজার টাকা (অফেরতযোগ্য) মূল্যে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। মনোনয়ন জমা নেওয়া হবে ২১ ও ২২ মে। যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে প্রাথমিক তালিকা। ২৪ মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নের ওপর আপিল গ্রহণ করা হবে এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে শুনানি সম্পন্ন করা হবে। সবশেষে পোস্টাল ও ই-ভোটের জন্য আবেদন করা যাবে ২৫ মে রাত ১২টা পর্যন্ত। এসব ভোট গ্রহণ চলবে ১ থেকে ৬ জুন পর্যন্ত। তবে ৭ জুন দুপুর ১টার পর আর কোনো পোস্টাল বা ই-ভোট গ্রহণ করা হবে না। এরপরই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button