জাতীয় সংবাদ

মোবাইল আসক্তি কমিয়ে শিশুদের মাঠে ফিরতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রবাহ রিপোর্ট ঃ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শিশুদের মোবাইল ও প্রযুক্তিনির্ভর আসক্ত জীবন থেকে বেরিয়ে এসে আবার মাঠে ফিরতে হবে। সুস্থ, মানবিক ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। শনিবার (১৬ মে) বরিশাল স্টেডিয়ামে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিভাগীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিশুদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার মধ্য দিয়েও তাদের গড়ে তুলতে হবে। বর্তমান সরকার শিশুদের সার্বিক ও মানবিক বিকাশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যেখানে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চান তরুণরা খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করুক। বর্তমান সংসদেও ক্রীড়াঙ্গনে অবদান রাখা অনেক ব্যক্তি রয়েছেন, যারা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ড. জিয়াউদ্দিন হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিব, জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা এবং বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। সঞ্চালনা করেন মো. সাইদুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button