উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ

# এশিয়া জুড়ে সুনামীর শঙ্কা #
প্রবাহ রিপোর্ট ঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের কেঁপে উঠেছে আশপাশের পাঁচটি দেশ। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প হয়। ফিলিপাইনেও ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর জেরে এশিয়ার বিভিন্ন দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশের উপকূলীয় এলাকা থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি- এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানে। তবে এর প্রভাব দেশটির সীমানা ছাড়িয়ে ভারত, চীন, বাংলাদেশ ও নেপালেও ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এ ঘটনা আবারও স্মরণ করিয়ে দিলো যে হিমালয় অঞ্চল বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। ভুটান এমন একটি উচ্চ ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশিয় টেকটোনিক প্লেটের চলমান সংঘর্ষের কারণে নিয়মিত ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়। ফলে পুরো হিমালয় উপমহাদেশই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে আছে। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, হিমালয় অঞ্চলে টেকটোনিক প্লেটের সক্রিয় গতিবিধির কারণে এ ধরনের ভূমিকম্প ভবিষ্যতেও ঘটতে পারে। তাই ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে সতর্কতা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।


