জাতীয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

প্রবাহ রিপোর্ট ঃ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ মঙ্গলবার (২৮ জুলাই) আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (২৭ জুলাই) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবে কমিশন। এর আগে সংসদ সচিবকে পাঠানো ইসি সচিবের চিঠিতে বলা হয়েছে, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও প্রধান নির্বাচন কমিশনারে (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে স্পিকারের দপ্তরে অবস্থান করবেন। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওইদিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই দিনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য। স্পিকারের এই দায়িত্ব গ্রহণে ডেপুটি স্পিকার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার পদে দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তফসিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button