জাতীয় সংবাদ

জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ

প্রবাহ রিপোর্ট ঃ প্রখ্যাত অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ প্রফেসর ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী প্রফেসর ড. মাহবুব উল্লাহকে নিয়োগের তারিখ থেকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি সরকারি কর্মকর্তা হিসাবে বিবেচিত হবেন না। তিনি কোনো গবেষণা সংস্থা বা শিক্ষায়তনের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজের পছন্দমত ক্ষেত্রে গবেষণামূলক কাজ করবেন এবং তিনি তার গবেষণা কাজের ক্ষেত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবহিত করবেন। তিনি যে গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকবেন সেই সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের নিকট তার শিক্ষা/গবেষণামূলক কাজের অগ্রগতির বার্ষিক প্রতিবেদন পেশ করবেন। সংশ্লিষ্ট সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত রাখবেন এবং গবেষণালবন্ধ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাবেন। জাতীয় অধ্যাপক পদে কর্মরত থাকাকালীন তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তিনি স্বীয় পদে অধিষ্ঠিত থাকাকালীন অন্য কোনো বেতনভুক্ত চাকরি করতে পারবেন না। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button