জাতীয় সংবাদ

ঘোষণার চেয়ে বেশি পণ্য আমদানি : ১৯ লাখ টাকা জরিমানা

প্রবাহ রিপোর্ট ঃ চট্টগ্রাম বন্দরে ঘোষণা বহির্ভূত অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগে ‘রেনবো করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের চালান থেকে জরিমানা ও শুল্ক-করসহ ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা অতিরিক্ত আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান। তিনি জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই (সি-১১৩৮৭০৬ নম্বর বিল অব এন্ট্রি) আমদানিকারক প্রতিষ্ঠান রেনবো করপোরেশনের পণ্যচালানটি আটক করে। পরে বন্দর এনসিটিতে কাস্টমস গোয়েন্দা ও কাস্টমস হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় অতিরিক্ত পণ্য রয়েছে। ঘোষণায় ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেটের কথা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি। এ ছাড়া ২ হাজার ৫৭১ দশমিক ১৬ কেজি ওয়েফার ঘোষণার বিপরীতে পাওয়া যায় ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি। সব মিলিয়ে চালানটিতে ঘোষিত ওজনের তুলনায় ৫৪০ দশমিক ৪১ কেজি বা ৫ দশমিক ৮৩ শতাংশ অতিরিক্ত পণ্য পাওয়া যায়। পরে বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ক-কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদ- বাবদ ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা বাবদ ১ লাখ টাকাসহ মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা অতিরিক্ত রাজস্ব আদায় করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button