জাতীয় সংবাদ

ইরানে বড় হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলতি সপ্তাহান্তেই বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি, তবে আন্তর্জাতিক অর্থবাজার সোমবার (৩ আগস্ট) খোলার আগেই অভিযান শেষ করার বিষয়ে আলোচনা চলছে। ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব তীব্র আঘাত হানব এবং একপর্যায়ে তারা বলবে, আমরা আর এটি সহ্য করতে পারছি না।’ হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, যুক্তরাষ্ট্রের জয় হবে এবং ট্রাম্পের আমলে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। পেন্টাগনের মুখপাত্র শিন পারনেল জানান, মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তবে প্রেসিডেন্টের চূড়ান্ত সিদ্ধান্তের আগে সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্প ডেভিড থেকেই সম্ভাব্য এই হামলার অনুমোদন দেওয়া হয়েছে। তবে কূটনৈতিক অগ্রগতির কোনো সুযোগ তৈরি হলে ট্রাম্প সাময়িকভাবে অভিযান স্থগিত করতে পারেন। অন্যদিকে সিবিএস নিউজকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, পূর্ণাঙ্গ সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়ে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। এদিকে এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান ইতোমধ্যে একটি বিস্তারিত পাল্টা পরিকল্পনা প্রস্তুত করেছে। তিনি দাবি করেন, ইরানের ওপর হামলা চালানো হলে দেশটি ইসরায়েল এবং এ অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোসহ কৌশলগত বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button