জাতীয় সংবাদ

৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের একটি পাওয়ারকারসহ ৪টি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এ ঘটনায় দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এই রুটের যাত্রীরা। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা থেকে একটি এবং ময়মনসিংহ থেকে আরেকটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের আগমুহূর্তে সামনের অংশের একটি পাওয়ারকারসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণে কাওরাইদ রেলওয়ে স্টেশনে আটকে থাকা তিস্তা এক্সপ্রেস বিকেল সাড়ে ৪টার দিকে গফরগাঁও স্টেশন অতিক্রম করে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button