মন্ত্রী-হুইপের পথসভাস্থল থেকে খেলনা পিস্তলসহ যুবক আটক

প্রবাহ রিপোর্ট ঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে একটি পিস্তলসহ এক যুবককে আটক করেছ পুলিশ। পরে পরীক্ষা করে সেটি খেলনা পিস্তল বলে নিশ্চিত হওয়া যায়। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবনের সামনে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. সামস আলামিন ওরফে তামিম (২৭)। তিনি জেলা শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে। তামিম বগুড়ার টিএমএসএস বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী। ঘটনার বিষয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভার মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তামিম নামের ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে ডিবি পুলিশের এক সদস্যের দুইবার ধাক্কা লাগে। এ সময় তার শরীরে একটি শক্ত বস্তুর মতো অনুভূত হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি পিস্তল পাওয়া যায়। এ অবস্থায় তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সেটি খেলনা পিস্তল। সঙ্গে থাকা গুলিগুলোও ছিল সিলভার রঙের মার্বেল। তবে পিস্তলটি খেলনা হলেও দেখতে অবিকল সত্যিকারের পিস্তলের মতো। তিনি বলেন, কেন এবং কী কারণে ওই খেলনা পিস্তলটি তার কাছে ছিল, সেটি জানতে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টির কারণ উদঘাটনের পর বিস্তারিত জানানো হবে। নাটোরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হকও এ তথ্য নিশ্চিত করেছেন।



