গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরের কালিয়াকৈর বাস স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে অগ্নিকা- ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পুরাতন স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কালিয়াকৈর বাস স্টেশন এলাকায় যাত্রী নামানোর পর বাসটি সড়কের পাশে পার্কিং করা ছিল। একপর্যায়ে ওই বাসের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। এসময় আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বাসের ভেতরের বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



