বিএনপির প্যাডে নাম থাকা ব্যক্তিরাই পেলেন ‘সার ডিলার’ নিয়োগ

রংপুরের পীরগাছায় দলীয় প্যাডে উপজেলা বিএনপির সভাপতি স্বাক্ষরিত তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ‘কৃষি সার ডিলার’ হিসেবে মনোনীত হয়েছেন। গত ৭ অক্টোবর কৃষি মন্ত্রণালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়। তবে ডিলার মনোনয়নে কোটি টাকার বাণিজ্যে স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে।
কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকার বিবরণীতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসককে উল্লেখ করে বলা হয়েছে, ‘জেলা সার ও বীজ মনিটরিং কমিটি’ কর্তৃক সুপারিশকৃত গত ২২ সেপ্টেম্বর প্রেরিত স্মারকের পরিপ্রেক্ষিতে এবং ‘সার ডিলার সংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি’ কর্তৃক অনুমোদিত আবেদনকারীদের অস্থায়ীভিত্তিতে শর্ত প্রতিপালনসাপেক্ষে সার ডিলার নিয়োগের পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
গত ৭ অক্টোবর প্রকাশ হওয়া ওই তালিকায় সার ডিলার নিয়োগ-সংক্রান্ত কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি থেকে কৃষি অর্থনীতিবিদ শাহনাজ আক্তার এতে স্বাক্ষর করেছেন।
এতে সার ডিলার হিসেবে পীরগাছা উপজেলার ৯ জনের নাম ছাড়াও রংপুর সদর উপজেলার মনোনীত ৪ জন, কাউনিয়া উপজেলার ৬, তারাগঞ্জ উপজেলার ৩, বদরগঞ্জে ৯, মিঠাপুকুরে ১৪, পীরগঞ্জে ১৬, গঙ্গাচড়ায় ৯ এবং রংপুর সিটি করপোরেশনে একজন মনোনীত সার ডিলার ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে।
কল্যাণী ইউনিয়নে সার ডিলারের জন্য মনোনীত হয়েছে জেলা কমিটির সুপারিশ তালিকার ১ নম্বরে থাকা জিকরুল আমিনের বেলী ফার্টিলাইজার। জিকরুল আমিন কল্যাণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্ব-চাষ এলাকার মরহুম আরমান আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। উপজেলা বিএনপির সভাপতি আনিমুল ইসলাম রাঙ্গা স্বাক্ষরিত তালিকাতেও জিকরুল আমিনের নাম প্রথমে ছিল।
পারুল ইউনিয়নেও উপজেলা ও জেলা থেকে সুপারিশকৃত তালিকার ১ নম্বরে থাকা মো. আব্দুল মতিন সরকারের মেসার্স নুহা ট্রেডার্স সার ডিলার হিসেবে মনোনীত হয়েছে। তিনি ৪ নম্বর ওয়ার্ডের তালুক পারুল গ্রামের তাহারত উল্লাহর ছেলে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন আব্দুল মতিন সরকার।
ইটাকুমারী ইউনিয়ন থেকে ৬ নম্বর ওয়ার্ডের মধুরাম গ্রামের মরহুম ময়েন উদ্দিনের ছেলে মো. আলিমুদ্দিনকে সার ডিলার মনোনীত করা হয়েছে। তার প্রতিষ্ঠানের নাম মেহেজেবিন ট্রেডার্স। আলিমুদ্দিনের ছোট জামাতা মাসুদ রানা ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
অন্নদানগর ইউনিয়ন থেকে মনোনীত করা হয়েছে উপজেলা ও জেলা থেকে সুপারিশকৃত তালিকার প্রথমে থাকা ৯ নম্বর ওয়ার্ডের জগজীবন এলাকার জয়িতা আক্তার জিনি। তার প্রতিষ্ঠানের নাম জয়িতা সার বিতান। তিনি ওই ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে এবং দিনাজপুর সরকারি কলেজের বাংলা চতুর্থ বর্ষের অনার্সের শিক্ষার্থী।
ছাওলা ইউনিয়নে সার ডিলারের জন্য মনোনীত হয়েছে জাকির হোসেনের মেসার্স আয়মান ট্রেডার্স। তিনি ৮ নম্বর ওয়ার্ডের আদম চাড়ালপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে এবং ইউনিয়ন বিএনপির সহকোষাধ্যক্ষ। বিএনপি সভাপতির স্বাক্ষরিত প্যাডে এবং উপজেলা ও জেলা থেকে সুপারিশকৃত তালিকায় তার নামও প্রথমে ছিল।



