খেলাধুলা

প্রস্তাব পেলেও ভারতের কোচ হতে আগ্রহী নন পন্টিং

স্পোর্টস ডেস্ক : ভারতের কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে রিকি পন্টিংয়ের সঙ্গে। তবে নতুন এই অধ্যায় শুরু করতে খুব একটা উৎসাহী নন তিনি। জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছে অবশ্য আছে সাবেক এই অস্ট্রেলিয়ান অধিনায়কের। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ে নানা চুক্তি ও অন্যান্য ব্যস্ততা মিলিয়ে আপাতত ভারতের কোচ হওয়ার অবস্থা তার নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয়ে যাচ্ছে ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। চুক্তি নবায়ন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন ভারতের এই ব্যাটিং গ্রেট। নতুন কোচের সন্ধানেকিছু দিন আগে বিজ্ঞাপন দিয়েছে ভারতীয় বোর্ড। আগামী সোমবার পর্যন্ত সুযোগ আছে আবেদন করার। তবে বোর্ড নিজেদের মতোও চেষ্টা করে যাচ্ছে। সাবেক ব্যাটসম্যান ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতাম গাম্ভিরকে তারা কোচ হিসেবে চান বলে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। এছাড়াও চেন্নাই সুপার কিংসের কোচ ও সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং এবং লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কোচ, অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের প্রতিও আগ্রহ আছে ভারতীয় বোর্ডের। বার আইসিসি রিভিউ-এ পন্টিং নিজেই জানালেন, প্রস্তাব দেওয়া হয়েছে তাকেও। “এটা নিয়ে অনেক প্রতিবেদন আমার চোখে পড়েছে। সাধারণত, এই ধরনের ব্যাপারগুলি আমরা নিজেরাও জানার আগে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এবার আইপিএলের সময় কিছু ‘ওয়ান-অন-ওয়ান’ আলোচনা হয়েছে, আমার আগ্রহের মাত্রা জানার চেষ্টা করা হয়েছে যে, এটা করব কি না।” “সিনিয়র জাতীয় দলের কোচ হতে ভালোই লাগবে আমার। তবে অন্যান্য যেসব ব্যস্ততা আমার আছে, পাশাপাশি কিছুটা সময় বাড়িতেও কাটাতে চাইৃ সবাই জানে যে, ভারতীয় দলের কোচ হলে আইপিএলে কোচিং করানো যায় না, এটাও তাই হিসেবের বাইরে চলে যাবে। তাছাড়া, জাতীয় দলের প্রধান কোচ মানে বছরে ১০-১১ মাসের ব্যস্ততা। যতই এটার প্রতি আগ্রহ থাকুক, আমার এখনকার লাইফস্টাইল এবং যে ব্যাপারগুলো করতে আমি উপভোগ করছি, সেসবের সঙ্গে এটা খাপ খায় না।” আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ পন্টিং। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটনফ্রিডমের প্রধান কোচের দায়িত্বও নিয়েছেন তিনি দুই বছরের চুক্তিতে। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের ‘হেড অব স্ট্র্যাটেজি’ তিনি। এছাড়াও অস্ট্রেলিয়ায় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবেও টিভি চুক্তি আছে ৪৯ বছর বয়সী সাবেক ব্যাটসম্যানের। ভারত খুঁজছে তিন সংস্করণের জন্য একজন কোচ, যার মেয়াদ আগামী জুলাই থেকে ২০২৭ সালের শেষ পর্যন্ত, অর্থাৎ চুক্তি করতে হবে সাড়ে তিন বছরের জন্য। ভারতের কোচ হওয়ার ক্ষেত্রে পরিবারের সবুজ সংকেত পাওয়ার কথা অবশ্য জানালেন পন্টিং। “আমার পরিবার ও বাচ্চারা গত পাঁচ সপ্তাহ ধরে আইপিএলে আমার সঙ্গে আছে। প্রতিবারই ওরা আসে। এবার আমার ছেলেকে একটু বলেছিলাম যে, ‘ভারতের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।’ সে বলল, ‘লুফে নাও বাবা। আগামী বছর দুয়েকের জন্য এখানে চলে আসতে ভালোই লাগবে।’ এখানে এসে থাকতে ও ভারতের ক্রিকেট সংস্কৃতি ওদের এতটাই পছন্দ। তবে আমার এখনকার লাইফস্টাইলে আসলে এই দায়িত্বের জায়গা খুব একটা নেই।” ভারতের কোচ হওয়ার লড়াইয়ে থাকা অন্যান্যের কথাও জানেন পন্টিং। তবে নিজেকে সেখান থেকে সরিয়েই রাখলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। “বেশ কয়েকজনের নাম উঠে আসতে দেখেছি আমি। গতকাল শুনলাম জাস্টিন ল্যাঙ্গারের কথা, স্টিভেন ফ্লেমিংয়ের কথাও কিছুটা ছড়িয়েছে। গৌতাম গাম্ভিরের নামও শোনা গেছে গত কয়েকদিনে। তবে আমার সম্ভাবনা খুবই কম, যে কারণগুলো বললাম, সেসব কারণে।” ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের দায়িত্ব নেওয়া দ্রাবিড়ের প্রথম মেয়াদ শেষ হয়ে যায় গত ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। এরপর বোর্ডের অনুরোধে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রয়ে যান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button