যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে বিসিবির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ আহমেদ সজীব ভূঁইয়া। তাকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি আসিফকে অভিনন্দন জানান, ‘অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হওয়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানায়।’ বিসিবি বলছে, ‘বিসিবি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং ভালোবাসা দিয়ে নতুন ভূমিকায় দৃষ্টান্তস্বরূপ নেতৃত্ব ও মতাদর্শ তৈরি করবেন।’ তারা আরও জানায়, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সময়ে তার নিয়োগ হয়েছে এবং বিসিবি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে। বাংলাদেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে সামনে একসঙ্গে কাজ করতে উদগ্রীব বিসিবি।’ এদিকে, ক্রীড়াঙ্গনের নতুন উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে বাফুফেও। এক বিবৃতিতে তার জন্য সাফল্য কামনা করেছে দেশের শীর্ষ ফুটবল সংস্থা। এছাড়া পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, ‘বিএসজেএ আপনার নেতৃত্বে ক্রীড়াঙ্গনের গুণগত মানোন্নয়ন কামনা করছে। বিএসজেএ সবসময় ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’



