৩০ বছর পর বার্সেলোনায় ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামকে হারিয়ে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে বার্সেলোনার সংস্কারকৃত ক্যাম্প নু। মঙ্গলবার এক সভায় উয়েফা এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। সেই মেগা ইভেন্টের মাত্র এক বছর আগে এই হাই-ভোল্টেজ ফাইনাল আয়োজনের সুযোগ বার্সেলোনাকে বিশেষ মর্যাদায় আসীন করেছে। উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল ভেন্যু হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং কাসাব্লাঙ্কায় নির্মাণাধীন ১ লাখ ১৫ হাজার আসনের স্টেডিয়ামের মধ্যে জোর লড়াই চলছে। উয়েফার কার্যনির্বাহী কমিটি আরও নিশ্চিত করেছে যে, ২০২৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফিরছে বায়ার্ন মিউনিখের স্টেডিয়ামে (আলিয়াঞ্জ এরেনা)। ২০২৫ সালের আসরের মাত্র তিন বছর পর আবারো বায়ার্নের মাঠে ফিরছে ইউরোপ সেরার লড়াই। ২০২৮ আসরের জন্য বায়ার্নই ছিল একমাত্র বিডার। বর্তমানে ১ লাখ ৫ হাজার আসনবিশিষ্ট ন্যু ক্যাম্পের সংস্কার কাজ এখনো চলছে। স্টেডিয়ামের উপরের স্তর এবং ছাদ নির্মাণের কাজ বাকি থাকায় এই মেগা প্রকল্পের কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। বার্সেলোনা শেষবার ১৯৯৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করেছিল। সেই বিখ্যাত ফাইনালে ইনজুরি টাইমের দুই গোলে বায়ার্ন মিউনিখকে স্তব্ধ করে দিয়ে নাটকীয় জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ওয়েম্বলি গত ১৩ বছরে তিনবার (২০১১, ২০১৩ ও ২০২৪) ফাইনাল আয়োজন করেছে। ইউরোপীয় কাপের ৭১ বছরের ইতিহাসে এই ভেন্যুটি মোট ৮ বার ফাইনাল আয়োজক হওয়ার গৌরব অর্জন করেছে। এদিকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে মাদ্রিদে, আতলেতিকোর মেত্রোপলিতানো স্টেডিয়ামে। উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের ২০২৮ সালের ফাইনাল লিওঁ-তে এবং ২০২৯ সালের আসর কার্ডিফে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। কার্ডিফের যে স্টেডিয়ামে নারী ফুটবলের ফাইনাল হবে, সেখানে ২০২৮ সালের পুরুষ ইউরো চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে। এছাড়া ইউরোপা লিগের আগামী দুটি আসরের ভেন্যুও চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালের ফাইনাল হবে রোমানিয়ার বুখারেস্টে এবং ২০২৯ সালের ভেন্যু হবে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। চলতি মৌসুমে ইউরোপা লিগের ফাইনাল হবে ফ্রাঙ্কফুর্টের ওয়াল্ডস্টেডিয়ামে। তৃতীয় স্তরের ক্লাব আসর কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনাল হবে তুরিনে (জুভেন্টাস স্টেডিয়াম) এবং ২০২৯ সালের আসর হবে বুদাপেস্টের ৬৭ হাজার আসনবিশিষ্ট পুসকাস এরেনায়। উয়েফা জানিয়েছে, ২০২১ সালে শুরু হওয়ার পর থেকে এই প্রতিযোগিতার জনপ্রিয়তা দ্রুত বাড়ায় এখন বড় ভেন্যুগুলোকেই ফাইনালের জন্য বেছে নেওয়া হচ্ছে।



