দেশের বন্যা পরিস্থিতিতে দেশবাসীর সাহায্য চাইলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : মাত্রই একটি দুর্যোগ কাটিয়ে উঠে দাঁড়াচ্ছিল বাংলাদেশ। তবে এরই মাঝে চলে এসেছে আরও একটি দুর্যোগ। আকস্মিক বন্যায় চরম ভোগান্তিতে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষ। হুট করে বন্যার পানি ঢুকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়ি চলে গেছে পানির নিচে। বন্যা কবলিত স্থানে প্রচ- দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কয়েকটি জায়গায় মানুষের হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে। টানা বৃষ্টির ফলে পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। দেশের মানুষের এমন কঠিন সময়ে কাঁদছে বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারের মন। নিজেদের ফেসবুক পেইজ থেকে বন্যা কবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে পোস্ট করেছেন একাধিক ক্রিকেটার। তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়দের পর বন্যা কবলিত মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নুরুল হাসান সোহান, রিশাদ হোসেনরা। নিজ নিজ ফেসবুক পেইজ থেকে পোস্ট করে সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়েছেন সোহান-রিশাদ। বন্যার পানিতে থাকা ছোট্ট এক শিশুর ছবি আপলোড করে লেগ স্পিনার রিশাদ নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘কী হৃদয়বিদারক দৃশ্য! চরম সংকটে আচ্ছন্ন আমার বাংলার পশ্চিমাঞ্চল। প্রিয় ছাত্র ভাইদের তৎপরতা আরও বাড়িয়ে দিন। যৌথবাহিনীর দৃশ্যমান ভূমিকা চলমান থাকলেও ক্রমাগত বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। প্রাণগুলো বাঁচিয়ে রাখুন আমার ভাইয়েরা। সবাই সবার জায়গা থেকে এগিয়ে এসে যেভাবে পারি এই সংকট থেকে কেটে উঠি। পাশাপাশি উত্তরাঞ্চলের তিস্তাবেষ্টিত জেলার ভাইদের সতর্ক অবস্থানে থাকার অনুরোধ করছি।’ এ ছাড়া পোস্টের শেষ দিকে কোরআনের আয়াতও উল্লেখ করেছেন রিশাদ। তিনি লিখেছেন, ‘বন্যার্তসহ সব বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের আদর্শ। মহান আল্লাহ বলেন, ‘‘তারা আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে দরিদ্র, এতিম ও বন্দিদের খাদ্য দান করে।’’ (সুরা দাহর, আয়াত : ৮)’ এ ছাড়া নুরুল হাসান সোহানও বন্যার পানিতে আটকে থাকা সেই ছোট্ট শিশুর ছবিটি আপলোড করে লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেকে সম্পূর্ণ অসহায় লাগছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’



