খেলাধুলা

বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহী পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ^কাপে বাংলাদেশের ম্যাচগুলো কোথায় হবে? নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে রাজি নয় বাংলাদেশ। এরই মধ্যে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলাগুলো স্থানান্তরিত করার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে নতুন খবর। বিশ^কাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানানোর পরই এই আগ্রহের কথা উঠে আসে। ‘জিও নিউজ’ পিসিবি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শ্রীলঙ্কার ভেন্যুগুলো যদি পাওয়া না যায়, তাহলে পাকিস্তানের প্রস্তুত ও সম্পূর্ণ সজ্জিত স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে প্রস্তাব করা হতে পারে। সূত্র আরও জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান সফলভাবে একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ার্স ২০২৫। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পিসিবির এই আগ্রহ সামনে এলো। পিসিবি সূত্র জানায়, পাকিস্তান সহজেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ^কাপ ২০২৬-এর ম্যাচগুলো আয়োজন করতে সক্ষম এবং দেশের সব নির্ধারিত ভেন্যু ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে। তবে মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর এই ভেন্যুগুলো নিয়ে বিতর্ক শুরু হয়। এই ঘটনার পর বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় যে, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ^কাপের ম্যাচ খেলবে না। বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো দেশে সরানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button