খেলাধুলা

চীন থেকে সরাসরি জাপানে নারী হকি দল

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ চীনের মকিতে সদ্য সমাপ্ত জুনিয়র এশিয়া কাপের পাঠ চুকিয়ে এবার এশিয়ান গেমসের মিশনে নামছে বাংলাদেশ নারী হকি দল। বড় এই আসরে অংশ নিতে চীন থেকেই সরাসরি আয়োজক দেশ জাপানের নাগোয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। গতকাল বাংলাদেশ নারী হকি দলের ১৩ জন খেলোয়াড় ও ২ জন কর্মকর্তা চীনের কিকিহার বিমানবন্দর থেকে সাংহাইয়ের উদ্দেশে রওনা হবেন। সেখানে ট্রানজিট শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জাপানের ফ্লাইটে উঠবেন তারা। জানা গেছে, স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা করে রাত ১টা ২০ মিনিটে সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে দলটি। এরপর সেখানে প্রায় ৮ ঘণ্টার ট্রানজিট শেষে সকাল ৯টা ১০ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটে জাপানের নাগোয়ার (চুবু সেন্ট্রাইর আন্তর্জাতিক বিমানবন্দর) পথে যাত্রা করবেন খেলোয়াড়রা। নির্ধারিত সূচি অনুযায়ী দুপুর ১২টা ৩৫ মিনিটে তাদের নাগোয়ায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানেই বসবে এশিয়ান গেমসের হকির এবারের আসর। এদিকে, দলের ১৩ জন খেলোয়াড় চীন থেকে সরাসরি জাপান গেলেও স্কোয়াডের বাকি সদস্যরা দেশ থেকেই দলের সঙ্গে যুক্ত হবেন। অবশিষ্ট ৫ জন খেলোয়াড় ও অন্যান্য কর্মকর্তারা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন। চীনের মকিতে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ থেকে পাওয়া অভিজ্ঞতা এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে কাজে লাগাতে মুখিয়ে আছে বাংলাদেশ। ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়েই জাপানের মাটিতে পা রাখতে যাচ্ছেন নারী হকি দলের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button