খেলাধুলা

রোনালদো এখনো যেকোনো দলের জন্য ভয়ঙ্কর: স্পেন গোলরক্ষক

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর হাইভোল্টেজ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সক্ষমতা সম্পর্কে নিজের দলকে সতর্ক করেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। ৪১ বছর বয়সি এই অভিজ্ঞ স্ট্রাইকার এখন আর তার ক্যারিয়ারের সেরা ফর্মে নেইÑএ কথা স্বীকার করলেও সিমন বিশ্বাস করেন, গোল করার ক্ষেত্রে রোনালদোর সহজাত দক্ষতা এখনো অতুলনীয়। একই সঙ্গে এটিই রোনালদোর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছেÑএমনটাও মানতে চান না তিনি। যুক্তরাষ্ট্রের ডালাসে পর্তুগাল বনাম স্পেনের নকআউট ম্যাচের আগে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে চলা গণমাধ্যমের আলোচনাকে খুব একটা পাত্তা দেননি সিমন। স্প্যানিশ এই গোলরক্ষক স্বীকার করেছেন যে, সিআর সেভেন ছয় বা সাত বছর আগের মতো সেই বিধ্বংসী ফরোয়ার্ড নন। তবে তিনি জোর দিয়ে বলেন, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা এখনো পেনাল্টি বক্সের ভেতরে বিশ্বের অন্যতম বিপজ্জনক ফিনিশার। তাই স্পেনের মূল লক্ষ্য থাকবে পর্তুগাল অধিনায়ককে গোল করার পজিশন থেকে যতটুকু সম্ভব দূরে রাখা। পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামার আগে রোনালদোকে মোকাবিলার চ্যালেঞ্জ নিয়ে মূল্যায়ন করতে গিয়ে সিমন বলেন, বয়স বাড়লেও পেনাল্টি বক্সের ভেতরে রোনালদোর অবিশ্বাস্য কার্যকারিতা কমেনি। ও জোগো-র বরাতে সিমন বলেন, ‘আমরা এই বিশ্বকাপে যে ক্রিশ্চিয়ানোকে দেখছি, তিনি ছয় বা সাত বছর আগের সেই চূড়ায় থাকা রোনালদো নন। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে তাকে বক্স থেকে যত দূরে রাখা যায়। নেশনস লিগের ফাইনালেও তিনি বক্সের ভেতরে একটা বল পেয়েছিলেন এবং গোল করেছিলেন। তার মধ্যে এমন এক গোল করার ক্ষমতা আছে, যা আমরা সবাই নিজেদের দলে দেখতে চাইব।’ তিনি আরও যোগ করেন, ‘বক্সের ভেতরে ক্রিশ্চিয়ানোর বিশেষত্ব হলোÑতিনি যেকোনো মুহূর্তে ঘুরে গিয়ে শট নিতে পারেন, থ্রু পাসের সন্ধান করতে পারেন এবং ফাঁকা জায়গা তৈরি করে নিতে পারেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং সতীর্থদের সঙ্গে দীর্ঘ সময় খেলার কারণে তাদের মধ্যে বোঝাপড়াও দারুণ। বক্সের ভেতরে বল পেলে তিনি যেকোনো মুহূর্তেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন। তিনি পরিস্থিতি খুব ভালো বোঝেন এবং আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’ এটিই কি পর্তুগিজ তারকার ‘লাস্ট ডান্স’? ঃ রোনালদোর বর্তমান বয়স বিবেচনায় অনেক সমর্থক এবং ফুটবল বিশ্লেষক এই টুর্নামেন্টকে বিশ্বমঞ্চে তার ‘লাস্ট ডান্স’ বা শেষ অধ্যায় হিসেবে দেখছেন। তবে স্প্যানিশ গোলরক্ষক সিমন মোটেও নিশ্চিত নন যে সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে প্রস্তুত, তা এই নকআউট ম্যাচের ফলাফল যাই হোক না কেন। তিনি মনে করেন, মিডিয়ার তৈরি করা অবসরের গল্পের চেয়ে মাঠের খেলার ওপরই সবার বেশি মনোযোগ দেওয়া উচিত। উনাই সিমন স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি মনে করি না এটি ক্রিশ্চিয়ানোর ‘লাস্ট ডান্স’। প্রতিটি ম্যাচই আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠের খেলায় মনোযোগ দেওয়া, মিডিয়াতে কী আলোচনা চলছে সেদিকে নয়।’ সূত্র: গোল ডটকম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button