খেলাধুলা

কারণ না জানিয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তাকে নিষিদ্ধ করলো ফিফা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে যুক্তরাষ্ট্র ফুটবল দলের (ইউএসএমএনটি) দুই কর্মকর্তাকে হঠাৎ নিষিদ্ধ করেছিল ফিফা। তবে এই সিদ্ধান্তের পেছনে ঠিক কী কারণ ছিল, তা এখনো প্রকাশ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। নিষিদ্ধ হওয়া দুই কর্মকর্তা হলেন যুক্তরাষ্ট্র দলের ম্যানেজার স্যাম জাপাটকা এবং যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএসএসএফ) নিরাপত্তাবিষয়ক সহসভাপতি ফ্র্যাঙ্ক প্যানেল। ফিফার প্রকাশিত শৃঙ্খলাবিষয়ক নথিতে তাদের নাম থাকলেও সেখানে কোনো অভিযোগ বা নিষেধাজ্ঞার কারণ উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের একজন মুখপাত্র দুই কর্মকর্তার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করতে বলেন। অন্যদিকে ফিফাও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ফিফার কিছু ম্যাচ-প্রটোকল ঠিকভাবে অনুসরণ না করা এবং অনুমতি ছাড়া সীমিত প্রবেশাধিকার থাকা এলাকায় কিছু কর্মকর্তার উপস্থিতির ঘটনাকে কেন্দ্র করেই এই শাস্তি দেওয়া হয়ে থাকতে পারে। তবে এতে কোনো ধরনের শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটেনি বলেও জানা গেছে। ইউএসএসএফ দাবি করেছে, এই নিষেধাজ্ঞার সঙ্গে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনার কোনো সম্পর্ক নেই। তবুও দুই ঘটনার সময়কাল কাছাকাছি হওয়ায় সামাজিক মাধ্যমে নানা ধরনের জল্পনা শুরু হয়। স্যাম জাপাটকা ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছেন এবং ২০২০ সালে জাতীয় দলের প্রশাসনিক ব্যবস্থাপকের দায়িত্ব পান। অন্যদিকে ফ্র্যাঙ্ক প্যানেল আগে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস ও সিআইএতে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি ইউএসএসএফের নিরাপত্তাবিষয়ক দায়িত্বে যোগ দেন। এদিকে মাঠের খেলায় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলারে জোড়া গোল করেন। এছাড়া হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুও গোলের দেখা পান। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button