খেলাধুলা

‘আগের চেয়ে অনেক বেশি পরিণত সাব্বির’

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির রহমান। শুধু তাই নয় জাতীয় দলের আশপাশেও ছিলেন না সম্ভাবনাময়ী এই ক্রিকেটার। তবে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াডে জায়গা করে নেন সাব্বির রহমান। জাতীয় দলে তার প্রত্যাবর্তনের আগে এই ব্যাটারকে নিয়ে আশাবাদী বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ সোহেল ইসলাম। স্থানীয় এই কোচের মতে, শুধু ক্রিকেটীয় দক্ষতায় নয়, মানসিকতা, পেশাদারিত্ব ও জীবনযাপনÑসব দিক থেকেই আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছেন সাব্বির। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সোহেল। সাব্বিরের পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘স্কিল বা মানসিকতার উন্নতি তো আছেই। তবে সবচেয়ে বড় বিষয় হলো, ওর ম্যাচিউরিটি অনেক বেড়েছে। আগে কীভাবে ভাবত জানি না, কিন্তু এখন খেলা নিয়ে ওর চিন্তাভাবনা অনেক পরিণত। এটা ওর পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলবে। এখনও ওর অনেক কিছু করার আছে এবং সেই ইচ্ছাও ওর মধ্যে আছে। পারফর্ম করে আবার জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার ক্ষুধাটা স্পষ্ট।’ সোহেলের মতে, পরিবর্তনটা শুধু মাঠের ক্রিকেটে সীমাবদ্ধ নয়, ‘আমি শুধু স্কিল বা ফিটনেসের কথা বলছি না। পেশাদারিত্ব, লাইফস্টাইল, এমনকি কমিউনিকেশনÑযেখানে আগে কিছু সমস্যা ছিল, সেসব জায়গাতেও ও অনেক বেশি পরিণত হয়েছে।’ শুধু তাই নয় এখন সমালোচনা গ্রহণের মানসিকতাতেও উন্নতি হয়েছে সাব্বিরের বলে মনে করেন এই কোচ, ‘সমালোচনা কীভাবে নিতে হয়, সেই জায়গায় ও আগের চেয়ে অনেক ভালো। শেখার আগ্রহ আগে থেকেই ছিল, এখনো আছে। এতদিন পর ফিরে এসেও নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছে। আমরা তাকে সাহায্য করছি।’ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (৮ আগস্ট) দুপুর ২টায় শুরু এইচপি ও মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে সোহেল স্পষ্ট করে বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই, ‘আমরা সবসময় একটা কথা বলি, টি-টোয়েন্টিতে বড়-ছোট দল বলে কিছু নেই। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেভাবে অন্য সিরিজের প্রস্তুতি নিই, এই সিরিজের জন্যও সেভাবেই প্রস্তুতি নিয়েছি। মাঠে নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।’ এদিকে এইচপি দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের উপস্থিতি ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন সোহেল, ‘রিয়াদ ভাই চমৎকার কাজ করছেন। তার কমিউনিকেশন খুব ভালো। বিভিন্ন কঠিন পরিস্থিতিতে তিনি কীভাবে চিন্তা করতেন, সেসব ছেলেদের সঙ্গে ভাগাভাগি করছেন। ছেলেরা তাকে বিশ্বাস করে, কারণ দেশের ক্রিকেটে তিনি একজন উদাহরণ। তার উপস্থিতি দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button