রুবেলের ঘূর্ণি জাদুর পর শামীম-শুক্কুরের ব্যাটে বাংলাদেশের হ্যাটট্রিক জয়

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ রুবেলের স্পিন ঘূর্ণির কোনো জবাবই খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষ দলগুলো। ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে সোমবার এই রহস্য স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। রুবেলের বোলিং তোপে মাত্র ১৩১ রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল। এই নিয়ে টুর্নামেন্টে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করল বাংলাদেশ। টানা তিন ম্যাচেই দলের জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রুবেল। ভিক্টোরিয়ার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই স্পিনার। এর আগের দুই ম্যাচে তার শিকার ছিল ৭টি উইকেট। ফলে তিন ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারি এখন তিনিই। এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই রুবেলের ঘূর্ণির মুখে পড়ে ভিক্টোরিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই প্রথম বলে কেলাওয়ে কেম্পবেলকে বোল্ড করেন রুবেল। নিজের পরের ওভারে ভেতরে ঢোকা প্রায় একই ধরনের ডেলিভারিতে লিয়াম ব্ল্যাকফোর্ডকেও বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। এরপর সপ্তম ওভারে পরপর দুই বলে জোড়া আঘাত হানেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। এতে মাত্র ৪০ রানেই ৪ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। চার নম্বরে নেমে উইল সাদারল্যান্ড ২৫ বলে ৩০ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বেশিদূর এগোতে পারেননি। পরের স্পেলে ফিরে হ্যারি হোয়েস্ত্রা ও অস্টিন আনলেজার্ককেও বোল্ড করে ভিক্টোরিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন রুবেল। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে রাখা দলপতি স্যাম হার্পার শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৬ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪৯ রানের লড়াকু ইনিংস। রুবেলের ৪ উইকেটের পাশাপাশি ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন রকিবুল হাসান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সূচনাটাও স্বস্তিদায়ক ছিল না। দলীয় ৮ ওভারের মধ্যে মাত্র ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে হঠাৎ চাপে পড়ে যায় দল। হাবিবুর রহমান সোহান (৩ বলে ০), আরিফুল ইসলাম (৯ বলে ১৫), জিসান আলম (৯ বলে ১১) ও সাব্বির রহমান (১৪ বলে ৫) দ্রুত ড্রেসিং রুমে ফিরে যান। তবে সেই বিপর্যয় থেকে দলকে দারুণভাবে টেনে তোলেন শামীম হোসেন ও ইরফান শুক্কুর। পাল্টা আক্রমণে ভিক্টোরিয়ার বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ৫১ বলে ৮৩ রানের চমৎকার এক জুটি গড়েন এই দুজন। জয়ের খুব কাছাকাছি গিয়ে ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে আউট হন অধিনায়ক ইরফান শুক্কুর। তবে শেষ পর্যন্ত ক্রিজে থেকে দুর্দান্ত ছক্কায় নিজের অর্ধশতক ও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শামীম। ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার। নিজেদের চতুর্থ ম্যাচে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি দল।



