খেলাধুলা

‘চ্যাম্পিয়নস লিগ আমরা জিতব’ : আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদের জন্য বাড়তি প্রত্যাশা। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি এবারও শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামছে। আর সেই আত্মবিশ্বাসের কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন দলের সহ-অধিনায়ক ভিনিসিয়ুস জুনিয়র। গত দুই মৌসুমের হতাশা ভুলে এবার রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ভিনিসিয়ুসের। তার লক্ষ্য, ক্লাবকে এনে দেওয়া চ্যাম্পিয়নস লিগের ১৬তম শিরোপা। ‘আশা করি আমরা ১৬তম শিরোপা জিতব। আমরা এর জন্য প্রস্তুত। এটা আমাদের প্রতিযোগিতা,’ ক্লাবের প্রকাশিত এক বিবৃতিতে বলেন ভিনিসিয়ুস। গত দুই আসরে রিয়ালের পারফরম্যান্স আশানুরূপ হয়নি বলেও স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে বলে আশাবাদী তিনি। ‘গত দুই বছর আমরা ভালো করতে পারিনি। আমাদের প্রথম লক্ষ্য শীর্ষ আটে থেকে শেষ করা। আমরা সবসময় চ্যাম্পিয়নস লিগ নিয়ে রোমাঞ্চিত থাকি। এই মৌসুম গত দুই মৌসুমের চেয়ে আলাদা হবে এবং আমরা এটি জিতব,’ বলেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রথম পরীক্ষা মঙ্গলবার। বাংলাদেশ সময় রাত ৯টায় সান্তিয়াগো বার্নাব্যুতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা। ইন্টারের আক্রমণভাগে থাকবেন আর্জেন্টাইন তারকা লাওতারো মার্তিনেজ। ম্যাচটির আগে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক ভিনিসিয়ুস। তার মতে, চ্যাম্পিয়নস লিগের ম্যাচ সবসময়ই আলাদা এবং ইন্টার কঠিন প্রতিপক্ষ। ‘চ্যাম্পিয়নস লিগ সবসময়ই আলাদা। দারুণ একটি দলের বিপক্ষে এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত। তারা আমাদের কাছ থেকে অনেক কিছু দাবি করবে,’ বলেন তিনি। ইন্টারের কৌশল নিয়েও কথা বলেছেন রিয়ালের এই ফরোয়ার্ড। ইতালিয়ান দলটি শারীরিকভাবে শক্তিশালী এবং পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলে, যা রিয়ালের জন্য সমস্যার কারণ হতে পারে বলে মনে করেন তিনি। ‘তারা শারীরিকভাবে খুব শক্তিশালী দল। পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলে, আর এমন কৌশল সাধারণত আমাদের সমস্যায় ফেলে। তবে কোচ এ নিয়ে পরিকল্পনা করেছেন,’ বলেন ভিনিসিয়ুস। তবে ইন্টারের বিপক্ষে ম্যাচে রিয়ালের জন্য চোট ও অনুপস্থিতিও বড় সমস্যা হতে পারে। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়া যাবে না। এরপরও বার্নাব্যুর সমর্থন দলকে বাড়তি শক্তি দেবে বলে মনে করেন ভিনিসিয়ুস। ‘আমাদের কয়েকজন খেলোয়াড় নেই, যা ম্যাচটাকে কঠিন করে তুলবে। তবে আমরা সবাই শক্তভাবে মাঠে নামব। আশা করি, এই ম্যাচগুলোতে সমর্থকদের সঙ্গে আমাদের দারুণ সংযোগ তৈরি হবে,’ বলেন তিনি। চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে রিয়ালের প্রাথমিক লক্ষ্য হলো লিগ পর্বের শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়া। তবে ভিনিসিয়ুসের চোখ যে শেষ পর্যন্ত শিরোপার দিকেই, সেটি তার আত্মবিশ্বাসী কথাতেই স্পষ্ট।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button