খেলাধুলা

ফিফা আসিয়ান কাপ: মালয়েশিয়া ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অভিযান

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ইন্দোনেশিয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হবে ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশন। উদ্বোধনী দিনে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে সিঙ্গাপুর। একই দিনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। বৃহস্পতিবার ফিফা নতুন এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে। ১৪ দল নিয়ে আয়োজিত ফিফা আসিয়ান কাপ দুটি বিভাগে বিভক্ত। ১১টি আসিয়ান দেশের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। ছয় দলের নিচের স্তরের নাম চ্যালেঞ্জ ডিভিশন। এই বিভাগ শুরু হবে ২৪ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হংকংয়ের প্রতিপক্ষ ব্রুনেই। প্রতিযোগিতায় খেলার জন্য ভারত ও চীনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত তারা নাম প্রত্যাহার করে নেয়। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, অক্টোবরের ৩ তারিখে ব্রাজিলের বিপক্ষে উচ্চপ্রোফাইল প্রীতি ম্যাচ থাকায় ওই দিন ফিফা আসিয়ান কাপের ফাইনাল হওয়ায় ভারত বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তবে ফিফা তাতে সম্মতি দেয়নি। প্রিমিয়ার ডিভিশনে রয়েছে আটটি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা থাইল্যান্ড ও ভিয়েতনাম রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দুই দল ফিলিপাইন ও পাকিস্তান। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা। এরপর ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ভিয়েতনাম ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারে জাতীয় দলগুলোর জন্য অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করতেই ফিফা আসিয়ান কাপ চালু করা হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button