খেলাধুলা

ডি থ্রি ট্রফির ৬ দলের প্রধান কোচ হলেন যারা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ঘরোয়া ক্রিকেটের আভিজাত্য ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে এক অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ঘরোয়া ক্রিকেটকে নতুনভাবে রাঙাতে আত্মপ্রকাশ ঘটেছে ‘ডি থ্রি ট্রফি’র (ডমেস্টিক থ্রি)। একই ফ্র্যাঞ্চাইজির অধীনে চার দিনের প্রথম শ্রেণি, ৫০ ওভারের ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিনটি ভিন্ন সংস্করণের প্রতিযোগিতাকে একত্রে নিয়ে আসার এই নতুন ভাবনা ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে দেশের ক্রিকেটপাড়ায়। আয়োজনটিকে নিখুঁত রূপ দিতে এবং মাঠের কৌশল শক্ত করতে অংশগ্রহণকারী ৬টি ফ্র্যাঞ্চাইজি তাদের প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে অভিজ্ঞতা ও দক্ষতায় সমৃদ্ধ ক্রিকেট ব্যক্তিত্বদের হাতে। এবারের আসরে ৬টি দলের ডাগআউটে বড় বড় সব নামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। যেখানে এইচ ব্লুস্টার দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম এবং একমি দলের হয়ে গুরুত্বপূর্ণ এই ভূমিকা সামলাবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাজিন সালেহ। দেশের অন্যতম প্রতিষ্ঠিত কোচ মিজানুর রহমান বাবুল থাকবেন সিটিজেন্স ব্যাংকের দায়িত্বে, কৌশলগত দিক সামলাতে ফরচুন দলের হাল ধরছেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। এর পাশাপাশি সাবেক জাতীয় পেসার তালহা জুবায়েরকে প্রধান কোচ হিসেবে দেখা যাবে সেভেন রিংস সিমেন্ট দলের ডাগআউটে এবং সাবেক স্পিন তারকা আব্দুর রাজ্জাক পরিচালনা করবেন ওয়ালটন ফ্র্যাঞ্চাইজিটি। ‘ঘরোয়া ক্রিকেটে রঙ ফেরাতে হবে’- বিসিবি সভাপতি তামিম ইকবালের এই দূরদর্শী আহ্বানের মধ্য দিয়েই সূচিত হয়েছে ডি থ্রি ট্রফির পথচলা। পূর্বে বিচ্ছিন্নভাবে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) এর চার দিনের প্রথম শ্রেণি ও ৫০ ওভারের টুর্নামেন্ট এবং জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরগুলোকে বিলুপ্ত করে এখন একটি প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। কর্পোরেট ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে করা হয়েছে তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button