ইনিংস ব্যবধানে খুলনার দাপুটে জয়

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসরের প্রথম ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। বরিশালকে ইনিংস ও ১৩৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৪২৬ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। দলের হয়ে কালাম সিদ্দিকী অলীন ৯২ ও অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৮৯ রান। আফিফ হোসেন ৪৮ এবং নুরুল হাসান সোহান করেন ৪৭ রান। জবাবে খুলনার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বরিশাল। প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে তারা। শেখ পারভেজ জীবন ও মেহেদী হাসান রানা নেন তিনটি করে উইকেট। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি বরিশালের। তবে হাফিজুর রহমানের লড়াকু ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে দলটি। একপ্রান্ত আগলে রেখে ১৪৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ৯১ রান করেন তিনি। রাফসান আল মাহমুদ ৪৩ ও মোহাম্মদ সালমান করেন ২৭ রান। হাফিজুর সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান দূরে থাকতে শেখ পারভেজ জীবনের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর দ্রুতই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। ৬৭.১ ওভারে ১৯৭ রানে অলআউট হয় তারা। খুলনার হয়ে বল হাতে সবচেয়ে সফল সফর আলী। দ্বিতীয় ইনিংসে তিনি চারটি উইকেট নেন। শেখ পারভেজ জীবন তিনটি এবং সামিউন বাসির রাতুল নেন দুটি উইকেট। দুই ইনিংস মিলিয়ে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ২৯১ রান। ফলে ইনিংস ও ১৩৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় খুলনা।



