খেলাধুলা

চার পেসার নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা দ. আফ্রিকার

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ৪ জন বিশেষজ্ঞ পেসার নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে রোমাঞ্চকর সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষেও দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। এই সিরিজে দক্ষিণ আফ্রিকা খেলবে সদ্য টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার আত্মবিশ্বাস নিয়ে। আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজের দলে ফিরেছেন টনি ডি জর্জি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন ব্যাটার জুবায়ের হামজা। বোলিং বিভাগেও ফিরেছেন এনরিখ নরকিয়া। কুঁচকির চোটে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর দলে জায়গা পেয়েছেন এই পেসার। পেস আক্রমণে তার সঙ্গে থাকছেন ডেন প্যাটারসন ও কাগিসো রাবাদা। অলরাউন্ডার হিসেবে আছেন করবিন বশ, মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডার। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় বিবেচনায় রাখা হয়নি পেসার লুঙ্গি এনগিডিকে। দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছন্দ বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চান তারা। হাইভেল্ডের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকে। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সে স্পিনাররাও কিছুটা সহায়তা পেয়েছেন। তাই কন্ডিশন বিবেচনায় পেস বোলিংয়ের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা। কনরাড বলেন, ‘বাংলাদেশ কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তা আমরা জানি। হাইভেল্ডের কন্ডিশনে তাদের পেসাররাও কার্যকর হয়ে উঠবে বলে আমাদের ধারণা।’ ব্যাটিং বিভাগ নিয়ে কোচের বক্তব্য, চোট কাটিয়ে টনি ডি জর্জির ফেরা স্বস্তির। আর জুবায়ের হামজার অন্তর্ভুক্তি দলের টপ অর্ডারে আরও গভীরতা যোগ করবে। প্রথম টেস্টের আগে প্রস্তুতির সময়টুকু কাজে লাগিয়ে কন্ডিশন অনুযায়ী সেরা একাদশ ও সমন্বয় ঠিক করতে চান তারা। দুই দল সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় মুখোমুখি হয়েছিল ২০২২ সালে। সেবার স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দল ঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সিমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button