সুস্থতার জন্য দোয়া চাইলেন ডেঙ্গু আক্রান্ত নাহিদ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে নাহিদ রানা। পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছিলেন বাংলাদেশের এই গতি তারকা। কিন্তু চোটের ধকল কাটিয়ে ওঠার আগেই নতুন বিপত্তি হয়ে এসেছে ডেঙ্গু। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন নাহিদ। গত চার দিন ধরে প্রচ- জ্বরে ভোগার পর গতকাল (বৃহস্পতিবার) হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই পেসার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এডমিন পরিচয়ে জানানো হয়, ‘গত চার দিন ধরে প্রচ- জ্বরে ভোগার পর গতকাল হাসপাতালে ভর্তি হন নাহিদ রানা। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সবার দোয়া ও ভালোবাসা কাম্য।’ গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন নাহিদ। এর আগে থেকেই তার শিনে (পায়ের সামনের হাড়ে) সমস্যাও ছিল। চোটের কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমসসহ একাধিক সিরিজে খেলা হয়নি তার।পুনর্বাসনের মধ্যে কোমরের নিচের অংশ ও হিপ জয়েন্টে ব্যথা অনুভব করায় দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হয় তাকে। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন নাহিদ। এরপর পূর্ণ গতিতে বোলিংও শুরু করেন। তবে ম্যাচ খেলার মতো পুরোপুরি প্রস্তুত হতে আরও কিছুটা সময় প্রয়োজন ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা থাকলেও সতর্কতার কারণে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তার মাঠে ফেরার পরিকল্পনায় আবারও বাধা তৈরি হলো।



