চট্টগ্রামে বিএনপির ৪ নেতা বহিষ্কার

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের সীতাকু- উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- সীতাকু- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকু- পৌর বিএনপির আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু। গতকাল মঙ্গলবার ভোরে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে সই করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিবৃতিতে বলা হয়, গত সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকু-ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকা-ে লিপ্ত হওয়ায় (আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত) সীতাকু- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকু- পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম-৪ (সীতাকু-) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন। এই ঘোষণার পর থেকেই আসলাম চৌধুরীর সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে গত সোমবার রাত ৮টার দিকে বিক্ষোভে ফেটে পড়েন। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুলসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এমনকি রেললাইনও অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দিলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সৃষ্টি হয় চরম জনদুর্ভোগ।



