দিঘলিয়ার বারাকপুরে অজ্ঞান পার্টির কবলে গৃহবধূ স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল লুট

দিঘলিয়া প্রতিনিধি ঃ গত রবিবার (২ নভেম্বর) দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের গাজীবাড়ি মসজিদের ইমাম হাফেজ মফিজুর রহমানের ছেলে মেহেদী হাসানের স্ত্রী মোছাঃ সোনিয়া বেগমকে অজ্ঞান করে স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যবহার্য জিনিসপত্রসহ আনুমানিক সাত লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গৃহবধূর শশুর তাবলীগের তিন চিল্লায় বাড়িছাড়া, স্বামী মেহেদী হাসান শিরোমণিতে অবস্থিত হ্যামকো ব্যাটারি কোম্পানিতে ডিউটিতে। ছোট ছোট দুই সন্তান নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন গৃহবধূ সোনিয়া।
সকাল ৭ টায় সন্তানেরা ঘরে ঘুমাচ্ছিল। গৃহবধূ সোনিয়া সন্তানদের কাপড় ধুয়ে বাড়ির আঙিনায় রোদে শুকাতে দিচ্ছিলেন। এ সুযোগে বাড়ির ভিতর প্রবেশ করে বোরকা পরিহিতা তিন মহিলা। তারা বুঝে ওঠার আগেই হঠাৎ অজ্ঞান করা ঔষুধ গৃহবধূ সোনিয়ার নাকে মুখে স্প্রে করে। সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন গৃহবধূ। পরবর্তীতে সোনিয়ার ভাইয়ের স্ত্রী সকাল ৯ টায় সোনিয়াদের বাড়িতে আসেন। এসে গেট তালাবদ্ধ দেখতে পান। তিনি ডাকাডাকি করলে সোনিয়ার মেয়ে ঘুম থেকে উঠে চাবি নিয়ে সোনিয়ার ভাবীকে (ভাইয়ের স্ত্রীকে) দিলে তিনি গেটের তালা খুলে সোনিয়াকে অজ্ঞান অবস্থায় ঘরের ভিতরে দেখতে পান। চোখে মুখে পানির ছিটা দিলে সোনিয়ার হুঁশ ফিরে দেখেন ঘরের আলমারি, বাক্স, শোকেস সব জায়গায় তালা ভাঙ্গা এবং স্বর্ণালংকার সহ টাকা পয়সা মালামাল উধাও পরদিন ভুক্তভোগীরা দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।



